মোস্তাফিজকে ছাড়া চেন্নাইয়ের হার, বোলিং ব্যর্থতার কথা জানালেন অধিনায়ক
চেন্নাই সুপার কিংস গতকাল আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নেমেছিল। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে প্যাট কামিন্সের দলের বিপক্ষে এই ম্যাচে চেন্নাইয়ের একাদশে ছিলেন না মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশি একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আইপিএলে খেলছেন মোস্তাফিজ। বল হাতে দুর্দান্ত খেলেছেন টাইগার পেসার, তাও আবার পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে। হলুদ জার্সিধারীদের হয়ে প্রথম ম্যাচেই ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। এরপর নিয়েছেন আরও তিন উইকেট, ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে।
এদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে কদিন আগেই বাংলাদেশে এসেছেন মোস্তাফিজ। এ কারণে গতকাল চেন্নাইয়ের হয়ে মাঠে ছিলেন না তিনি।
এদিকে মোস্তাফিজকে ছাড়া কাল ম্যাচটি ৬ উইকেটের ব্যবধানে হেরেছে চেন্নাই। আগে ব্যাট করতে হায়দরাবাদকে ১৬৬ রানের সংগ্রহ দিলেও হোমগ্রাউন্ডের ধীরগতির পিচের সুবিধা নিয়ে ম্যাচটি সহজেই জিতে যায় হায়দরাবাদ। এ ক্ষেত্রে ১২ বলে ৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ন অবদান রেখেছেন অভিষেক শর্মা।





